চাকরি দেওয়ার কথা বলে নারীকে প্রতারণার মাধ্যমে দৌলতদিয়ায় এনে পতিতাবৃত্তিতে বাধ্য করার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ী গোয়ালন্দঘাটের দৌলতদিয়ার পতিতালায়ের রোজি সর্দারনী ও বড়িআলি মজি ফকির। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।
রায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬(২) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনের ১১ ধারায় প্রত্যেককে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুই ধারার সাজা একসঙ্গে চলবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে ভুক্তভোগী নারীর সঙ্গে রোজি সর্দারনীর পরিচয় হয়। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে গোয়ালন্দের দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। সেখানে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। রাজি না হওয়ায় তাকে মারপিট করে জখম করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ১৮ নভেম্বর ২০১৫ তারিখে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ ৬(২) ও ১১ ধারায় প্যানান কোড ১৮৬০ এর ৩০২ ও ৫০৬ মামলা এজাহার ভুক্ত হয়।
মামলাটি তদন্ত করেন এসআই মো: রাকিবুল ইসলাম। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত আসামিদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।


















