ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ ও নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ঐতিহাসিক মিলনমেলায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বাংলাদেশের সিংহভাগ বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের বেতন ১০ থেকে ১২ তারিখের মধ্যে প্রদান করে।
এরই প্রেক্ষিতে, শিক্ষার্থীদের দাবি, স্বার্থ, আর্থিক সক্ষমতা ও বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সমাবর্তন ফি অনধিক ৩ হাজার টাকা এবং নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের ব্যয় সহনীয় পর্যায়ে রাখা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী এ গৌরবময় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সমাবর্তনের মর্যাদা অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।


















