Advertisement

ডিগ্রি চালুর উদ্যোগে ডিও লেটার প্রদান, পার্বত্য মন্ত্রীকে ফুলেল সংবর্ধনা

ডিগ্রি চালুর উদ্যোগে ডিও লেটার প্রদান, পার্বত্য মন্ত্রীকে ফুলেল সংবর্ধনা

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি (স্নাতক) কোর্স চালুর উদ্যোগে ডিও লেটার প্রদান করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান মন্ত্রী।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বান্দরবান থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি যাওয়ার পথে সড়কপথে যাত্রাকালে দুপুর ২টা ২০ মিনিটে পুলিশ এসকর্টসহ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পৌঁছান মন্ত্রী সাচিং প্রু জেরী। তাঁর আগমন উপলক্ষে বাঙ্গালহালিয়া বটতলী এলাকা থেকে রাজস্থলী উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বরণ করে নেন।

পরে কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি রাজস্থলী উপজেলা বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি,বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় কলেজের ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়ন, সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে মন্ত্রীর সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন কলেজ কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বছরের শেষ দিকে যেন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছেলে-মেয়েরা যদি খেলাধুলায় মেতে থাকে, তাহলে তারা মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত হবে না। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরী চৌধুরী, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংউ মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ইঞ্জিনিয়ার মংছাখই মারমা, অরুণ সেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক উজ্জ্বল তংচঙ্গ্যাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন উপস্থিত ছিলেন।

পরে দুপুর ২টা ৫০ মিনিটে মন্ত্রী সাচিং প্রু জেরী কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধবিহার ঘাট এলাকার উদ্দেশ্যে বাঙ্গালহালিয়া ত্যাগ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে রাজস্থলীসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা বিস্তারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন এলাকাবাসী।

জনপ্রিয়
Advertisement
সমাবর্তন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণের আহ্বান ইবি অ্যালামনাই

সমাবর্তন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণের আহ্বান ইবি অ্যালামনাই