ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোডশেডিং নিরসনে প্রশাসনিক ভবন,একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে সৌর প্যানেল স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে ইবি শাখা ছাত্রদল। শনিবার (৩১ অক্টোবর) ২টার দিকে ভিসি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান উপস্থিত ছিলেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন,সদস্য সচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো: সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম,রিফাত হোসাইন, মো: আসাদ তৌফিক ও নয়ন হোসেন সংগঠনটির অন্য নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন।
এতে উল্লেখ করা হয়, বর্তমান সরকার দেশের সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়কে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনিক ভবন, সব একাডেমিক ভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া সময়ের দাবি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা হ্রাস,বিদ্যুৎ ব্যয় সাশ্রয়, লোডশেডিং হ্রাস,কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ সংরক্ষণে ভূমিকার কথা বলা হয়।

















