রাজবাড়ীতে ১৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের মাদক জব্দ, কারবারি গ্রেপ্তার
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- রাজবাড়ী
রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে জেলার কালুখালী থানাধীন মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড় সংলগ্ন কুষ্টিয়া টু রাজবাড়ী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ ৭১ হাজার টাকা।
এ ঘটনায় মোঃ সাইদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর থানার লক্ষ্মীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে। গ্রেফতারকৃত সাইদুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক, জব্দকৃত পিকআপ ভ্যানসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশয়টি নিশ্চিত করে এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।
জনপ্রিয়


















