এক লাখ টাকা ঘুষসহ রাজধানীর লালবাগ ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল তাকে আটক করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি দল রাজধানীর কাটাবনে অবস্থিত লালবাগ এসিল্যান্ড কার্যালয়ে অভিযান চালায়। এ সময় ছদ্মবেশে অবস্থান নিয়ে ঘুষ গ্রহণের মুহূর্তে এক লাখ টাকাসহ সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে থাকা ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।
তবে আবেদন করার পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। পরে তাকে সংশ্লিষ্ট কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, এরপর জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল ইসলাম। এ ঘটনায় মনিরুল ইসলাম দুদকের কাছে অভিযোগ করেন এবং ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটকের অনুরোধ জানান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ঘুষ লেনদেনের সময় ফাঁদ পেতে সার্ভেয়ারকে আটক করা হয়েছে। আটকের পর এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















