Advertisement

প্রতিনিধি পরিষদে শতাধিক ডেমোক্র্যাট নারী সদস্য নির্বাচিত: পেলোসির শুভকামনা

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রতিনিধি পরিষদে শতাধিক ডেমোক্র্যাট নারী সদস্য নির্বাচিত: পেলোসির শুভকামনা

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বা প্রতিনিধি পরিষদে ১০০ জনের বেশি ডেমোক্র্যাট নারী নির্বাচিত হয়েছেন। একে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

বুধবার দেওয়া একবিবৃতিতে তিনি বলেন, “প্রতিনিধি পরিষদে ১০০ জনের বেশি ডেমোক্র্যাট নারী নির্বাচিত হওয়ায় তিনি বিশেষভাবে আনন্দিত ও গর্বিত।”

পেলোসি বলেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা আজ বিভিন্ন ক্ষেত্রে ইতিহাস গড়েছেন। এর মধ্যে ১০০ জনের বেশি নারী নির্বাচিত হওয়া তার কাছে বিশেষ আনন্দ ও গর্বের বিষয়।
তিনি বলেন, নারী প্রার্থীদের অসাধারণ যোগ্যতা এবং বিজয় নিশ্চিত করতে নেওয়া সুপরিকল্পিত উদ্যোগের প্রতিফলন এই জয়।

ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস, ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির (ডিসিসিসি) চেয়ারম্যান সুজান ডেলবেন, ডেমোক্রেটিক উইমেনস ককাস, ‘ইলেক্ট ডেমোক্রেটিক উইমেন’, শ্রমিক সংগঠন এবং নারী অধিকারবিষয়ক সংগঠনগুলো যোগ্য নারী প্রার্থী খুঁজে বের করা, তাদের সমর্থন দেওয়া এবং নির্বাচিত করতে একসঙ্গে কাজ করেছে। সম্মিলিত প্রচেষ্টায় সম্ভাবনাকে বিজয়ে রূপ দেওয়া সম্ভব হয়েছে।

পেলোসি বলেন,“ ১৯৮৭ সালে প্রথম কংগ্রেসে যোগ দেওয়ার সময় প্রতিনিধি পরিষদে নারী ডেমোক্র্যাট সদস্য ছিলেন মাত্র ১২ জন। তখন থেকেই ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়ানোকে তিনি নিজের অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছেন। এরপর প্রজন্মের পর প্রজন্ম প্রার্থী, সংগঠক ও সমর্থকেরা সেই প্রচেষ্টা এগিয়ে নিয়েছেন।”

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া বিশেষ ভূমিকা রেখেছে। অঙ্গরাজ্যটির উত্তর ও দক্ষিণাঞ্চলে আয়োজিত ‘আলটিমেট উইমেনস পাওয়ার’ মধ্যাহ্নভোজ ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে নারী প্রার্থীদের বিজয়ী হতে সহায়তা করা হয়েছে।

কংগ্রেসে নারীদের অবদান তুলে ধরে পেলোসি বলেন, উন্নত স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, অধিকার সুরক্ষায় শক্তিশালী ব্যবস্থা এবং শিশুদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার মধ্য দিয়ে তাদের ভূমিকার প্রতিফলন ঘটেছে। অভিজ্ঞতা, সাহস ও দৃঢ়সংকল্প নিয়ে ১০০ জনের বেশি ডেমোক্র্যাট নারী প্রতিনিধি পরিষদে যোগ দেওয়ায় আরও বড় অগ্রগতির সুযোগ তৈরি হয়েছে।

নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে পেলোসি বলেন, জনসেবার জীবনে ক্ষমতাধর বিভিন্ন পদে নারীদের সঙ্গে কাজ করতে পারা তার জন্য সবচেয়ে বড় সম্মান ও আনন্দের বিষয়গুলোর একটি। তাঁরা একসঙ্গে কঠিন লড়াই করেছেন, গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছেন এবং কাজের পথে অনেক আনন্দঘন মুহূর্তও কাটিয়েছেন।

সবচেয়ে বড় কথা, নারীরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে কী অর্জন করতে পারেন, তা তারা প্রমাণ করেছেন। এখন এই অসাধারণ নারীরাই ইতিহাসের পরবর্তী অধ্যায় রচনা করবেন। বিবৃতির শেষে পেলোসি বলেন, ‘নারীরা সফল হলে আমেরিকাও সফল হয়।’