Advertisement

যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার
যশোরের শার্শা ও অভয়নগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) থেকে রোববার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শার্শায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা এবং অভয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা রয়েছেন। শার্শায় গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার কায়বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (৩৮)। তিনি ভবানীপুর পূর্বপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। অপরজন নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহাম্মদ (৩৩)। তিনি কন্দর্পপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। শনিবার দুপুর আড়াইটার দিকে ভবানীপুর এলাকা থেকে সোহাগ হোসেনকে এবং রোববার সকাল ৭টা ২৬ মিনিটের দিকে কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, অভয়নগরে নাশকতার মামলায় গ্রেপ্তার তিনজন হলেন, প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সরখোলা গ্রামের মৃত মোকসেদ আলী ফারাজীর ছেলে রাশেদুল হক রাসু (৫২) এবং পাইকপাড়া গ্রামের শেখ আকবর হোসেনের ছেলে রিয়াজ শেখ (৩২)। তাদের মধ্যে মহিদুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, রাশেদুল হক রাসু আওয়ামী লীগের সদস্য এবং রিয়াজ শেখ বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।