Advertisement

২২ বছরের সংসার ভাঙলেন প্রবাসী স্বামী

২২ বছরের সংসার ভাঙলেন প্রবাসী স্বামী
চাঁদপুরের মতলব উত্তর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া, প্রবাস থেকে পাঠানো অর্থের হিসাব না দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন এক প্রবাসী স্বামী। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। অভিযোগকারী মো. মফিজুল ইসলাম প্রধান (৪৬) উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানি গ্রামের প্রধান বাড়ির বাসিন্দা। অভিযুক্ত স্ত্রী শাহিনুর আক্তার (৩৫)। প্রায় ২২ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাহমিদ (১৬) ও তাহিদ (৭) নামে তাদের দুই ছেলে রয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে মফিজুল ইসলাম উল্লেখ করেন, দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী থাকার সুযোগে তার স্ত্রী বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি। মফিজুল ইসলামের মা অভিযোগ করে বলেন, পুত্রবধূর আচরণে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। কোনো বিষয়ে কথা বলতে গেলে তাকে অশালীন ভাষায় কথা বলা হয় এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে চলাফেরা নিয়ে আপত্তি জানালে মারধরের হুমকি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে তারা আর নির্যাতন সহ্য করতে চান না। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। ভুক্তভোগী প্রবাসী মো. মফিজুল ইসলাম প্রধান বলেন, আমার বৈবাহিক জীবনের ২২ বছর অতিবাহিত হয়েছে। সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে আমার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে জানতে পারি। দেশে থাকাকালে কয়েকবার তাকে হাতেনাতে ধরেছি। সংসার টিকিয়ে রাখার স্বার্থে বিষয়গুলো মেনে নিয়ে সংসার করেছি। কিন্তু আবার বিদেশে যাওয়ার পর একই ঘটনা ঘটেছে বলে আমার অভিযোগ। তিনি আরও বলেন, এবার বিদেশ থেকে দেশে ফেরার আগে স্ত্রীকে বাড়িতে আসতে বলেছিলাম। কিন্তু তিনি আমার কথা শোনেননি। দেশে ফেরার পর আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়েছে। এমনকি হত্যা করে লাশ গুম করার হুমকিও দিয়েছেন। কোনো উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছি। এরই মধ্যে আমি তাকে তালাক দিয়েছি। কাবিনের টাকা পরিশোধ করে দেব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার চাই। এদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা যায়। অভিযুক্ত শাহিনুর আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।