Advertisement

হাসিনা কি মারা গেছেন? যা বললেন পিনাকী

হাসিনা কি মারা গেছেন? যা বললেন পিনাকী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভারতে পলাতক গণহত্যাকারী শেখ হাসিনার মৃত্যু এবং আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই দুই বিপরীতমুখী গুঞ্জনের প্রেক্ষাপটে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য।
তার বিশ্লেষণে শেখ হাসিনার শারীরিক ও রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতিতে দলটির ‘পলিটিক্যাল স্পেস’ বা রাজনৈতিক জায়গার অস্তিত্ব এবং আন্তর্জাতিক প্রেডিকশন মার্কেটের বাজির বিষয়গুলো উঠে এসেছে।

পিনাকী ভট্টাচার্য তার বিশ্লেষণে জানান, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনটি মূলত আমলাদের কিছু কর্মকাণ্ডের কারণে তৈরি হয়েছে। বিদেশ থেকে কেউ এলে থাকার জায়গা পরিষ্কার করার প্রথা অনুযায়ী টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের পারিবারিক কবরস্থান পরিষ্কার করা নিয়ে এই আলোচনার সূত্রপাত হয়।

অন্যদিকে, শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনের বিষয়ে পিনাকী তথ্য-প্রমাণ তুলে ধরে বলেন, ২৪শে নভেম্বর একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সর্বশেষ অডিও বক্তব্য দিয়েছিলেন। অর্থাৎ, ২৪ নভেম্বর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। ২৪ তারিখের পর থেকে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন আওয়ামী লীগের ভেরি ফায়েড ফেসবুক পেজ থেকে হাসিনার একটি অডিও বক্তব্য প্রচার করা হয়, যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন।

পিনাকী দাবি করেন, আওয়ামী লীগের পেজ থেকে প্রচারিত ওই অডিওটি সাম্প্রতিক নয়, বরং সেটি ২০২৫ সালের ২৯ অক্টোবরের একটি পুরনো রেকর্ড। তার প্রশ্ন—শেখ হাসিনা যদি জীবিত ও সুস্থ থাকেন, তবে নতুন বক্তব্য রেকর্ড করে প্রচার না করে পুরনো রেকর্ড কেন প্রচার করা হচ্ছে? এটিই মানুষের মনে সন্দেহ তৈরি করছে।
শেখ হাসিনার শারীরিক মৃত্যু না হলেও বাংলাদেশে তার ‘রাজনৈতিক ও আদর্শিক মৃত্যু’ হয়ে গেছে বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশের আইনের ভাষায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই।

পিনাকীর অভিযোগ, ভারতীয় গণমাধ্যম, দেশের কিছু গণমাধ্যম এবং বিএনপির কয়েকজন নেতার (ইকবাল মাহমুদ টুকু, আমীর খসরু মাহমুদ চৌধুরী) বক্তব্যের কারণেই আওয়ামী লীগ ও শেখ হাসিনা এখনো আলোচনায় প্রাসঙ্গিক থাকার সুযোগ পাচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে না পারা এবং মামলা তুলে নেওয়ার আশ্বাসের বিষয়টিও তিনি সমালোচনা করেন।

সম্প্রতি বিভিন্ন আলোচনায় ও জরিপের বরাত দিয়ে দেশে এখনো ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে—এমন দাবিকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন পিনাকী। তিনি এর পক্ষে বেশ কিছু যুক্তি দেন, ২০০৮ সালের পর দেশে কোনো প্রকৃত নির্বাচন না হওয়ায় আওয়ামী লীগের প্রকৃত ভোটার কত, তা কারোরই জানা নেই। এত বড় দল দাবি করা সত্ত্বেও জুলাই আন্দোলনের সময় দেশের কোনো শহরেই আওয়ামী লীগ সাধারণ মানুষকে নিয়ে একটি গণসমাবেশও করতে পারেনি; কেবল কিছু ক্যাডার ও ‘আলো আসবেই’ গ্রুপের মতো ক্ষুদ্র গোষ্ঠী সক্রিয় ছিল।

আলোচিত এই অনলাইন অ্যাক্টিভিটি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পলাতক থাকায় তৃণমূলের কর্মীরা নিজেদের পরিত্যক্ত মনে করছে। একটি দলে মানুষ ‘লাভ’ অথবা ‘সম্মান’ (আদর্শ)—এই দুই কারণে যোগ দেয়। বর্তমানে আওয়ামী লীগে টেন্ডার, চাকরি বা ব্যবসার কোনো সুযোগ নেই; বরং মামলা, হামলা ও খরচের ঝুঁকি রয়েছে। অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের তকমা লাগায় দলটির আদর্শিক সম্মানও অবশিষ্ট নেই।

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদর্শিক দুর্বলতার উদাহরণ দিতে গিয়ে পিনাকী ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এবং সাম্প্রতিক সময়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনার প্রসঙ্গ টানেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর যেমন কেউ দাফন করতে বা প্রতিবাদ মিছিল করতে এগিয়ে আসেনি, তেমনি সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়ে দুই দিন ধরে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা হলেও আদর্শের জন্য জীবন দিতে বা বাধা দিতে আওয়ামী লীগের একজন কর্মীও সেখানে দাঁড়ায়নি।
১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের পর আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়া এবং ২০২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়ানোর তুলনা করে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা আদর্শিক ও মানসিকভাবে ভীতু।

আওয়ামী লীগের শূন্যস্থান বা ‘পলিটিক্যাল স্পেস’ বিএনপি, জামায়াত, এনসিপি নাকি নতুন কোনো দল পূরণ করবে—এমন প্রশ্নকেই ভুল বলে অভিহিত করেন পিনাকী ভট্টাচার্য। ১৭-১৮ শতকের ইউরোপীয় দার্শনিক গটফ্রিড লাইবনিজ এবং স্যামুয়েল ক্লার্কের (নিউটনের অনুসারী) মধ্যকার ‘স্পেস’ বা স্থান সংক্রান্ত বিখ্যাত দার্শনিক বিতর্কের উদাহরণ টেনে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন, “নিউটনের ধারণা বনাম লাইবনিজের ধারণা: নিউটনের মতে, ‘স্পেস’ হলো একটি খালি ঘর বা দেয়ালের মতো, যেখানে কোনো বস্তু থাকুক বা না থাকুক ঘরটি টিকে থাকে। কিন্তু লাইবনিজের মতে, বস্তুগুলোর পারস্পরিক সম্পর্কের নামই ‘স্পেস’; বস্তু না থাকলে কোনো স্পেসও থাকে না।

পিনাকী বলেন, রাজনীতিতে ‘স্পেস’ কোনো খালি ঘর নয়, বরং এটি কিছু রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভের পারস্পরিক সম্পর্ক। আওয়ামী লীগ এতদিন ‘৭১-এর চেতনা’, ‘অসাম্প্রদায়িকতা’, ‘৩০ লাখ শহীদ’, ‘শেখ মুজিবের কাল্ট ফিগার’, ‘সাংস্কৃতিক আধিপত্যবাদ (কালচারাল হেজিমনি)’ এবং ‘ভারতের সমর্থন’—এই হুক বা বয়ানগুলোর ওপর ঝুলে ছিল। জুলাই অভ্যুত্থানের আগেই এই বয়ানগুলো ভেঙে দেওয়ায় এবং ‘জয় বাংলা’ বা ‘রাজাকার’ শব্দের প্রচলিত রাজনৈতিক অর্থ উল্টে যাওয়ায় আওয়ামী লীগের সেই দেয়াল বা ‘স্পেস’ই আর অবশিষ্ট নেই। তাই ফাঁকা জায়গা পূরণের প্রশ্নও অবান্তর বলে মন্তব্য করেন তিনি।

পিনাকী মন্তব্য করেন, যে দল বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলে রাজনীতি করত, তাদের শীর্ষ নেতৃত্ব এখন দিল্লিতে আশ্রয় নিয়েছে। দিল্লি-নির্ভরতা একসময় আওয়ামী লীগের শক্তি হলেও এখন সেটিই তাদের সবচেয়ে বড় বোঝায় পরিণত হয়েছে। দেশের মানুষ ও খেলার মাঠেও ভারত-বিরোধী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে।

পাশাপাশি, ৫ই আগস্টের বিজয়কে তিনি কেবল ছাত্র-জনতার নয়, বরং সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকদেরও বিজয় হিসেবে উল্লেখ করেন। তার মতে, সৈনিক ও জুনিয়র অফিসাররা জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বলেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন এবং তাদের এই জাতীয়তাবাদী অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পিনাকী ভট্টাচার্য আন্তর্জাতিক প্রেডিকশন মার্কেট বা জুয়ার বাজার ‘পলিমার্কেট’ এর একটি বাজির তথ্য তুলে ধরেন। সেখানে প্রশ্ন রাখা হয়েছে—’শেখ হাসিনা কি ১৭ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন?’ পলিমার্কেটের তথ্য অনুযায়ী, তার ফেরার সম্ভাবনা দেখানো হয়েছে মাত্র ১৭ শতাংশ, আর না ফেরার পক্ষে অবস্থান ৮৫ শতাংশ (বাজারের ওঠানামা অনুযায়ী)। অর্থাৎ আন্তর্জাতিক বেটার বা বাজিকররাও মনে করছেন তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

সবশেষে রূপক অর্থে পিনাকী ভট্টাচার্য বলেন, টাক মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করা সম্ভব হলেও হাতের তালুতে যেমন কখনো চুল গজানো সম্ভব নয়, তেমনি বাংলাদেশের মাটিতে দিল্লি-আশ্রিত আওয়ামী লীগ বা শেখ হাসিনার পুনর্বাসনও কখনো সম্ভব হবে না। –ইনকিলাব