গন্ডা ইউনিয়নকে শিক্ষার আলোয় গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আবু সালেক শেখ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৫নং গন্ডা ইউনিয়নের পরিচিত মুখ আবু সালেক শেখ। পেশায় শিক্ষক, ইংরেজিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রিধারী। পেশাগত দক্ষতায় বিএড ও এমএড। শিক্ষা, সচেতনতা ও পরিকল্পিত উন্নয়নের প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তিনি।
‘অজ্ঞতা ও কুসংস্কার দূর করে মেধার আলোয় ইউনিয়নকে সাজাতে চাই’ এমন চিন্তাধারা ধারণ করেন আবু সালেক শেখ। তাঁর প্রত্যাশা, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে গন্ডা ইউনিয়নে পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।
গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা শেখবাড়ী গ্রামের বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা প্রয়াত আব্দুর রহিম শেখ এর বড় ছেলে তিনি।
রাজনীতি ও সামাজিক সংগঠনে রয়েছে তাঁর সম্পৃক্ততা। তিনি গন্ডা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে গন্ডা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির নেত্রকোণা জেলার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা ও সামাজিক সচেতনতাকে গুরুত্ব দিয়ে গন্ডা ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন আবু সালেক শেখ। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থীতাকে ঘিরে রয়েছে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় ও নিজের উন্নয়নভাবনা তুলে ধরার সুযোগ।
জনপ্রিয়


















