Advertisement

রাউজানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার ১

রাউজানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ইরফান হোসেন মুরাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। গত ২৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে রাউজান থানার এসআই (নিরস্ত্র) মো. জান্নাতুন নাঈম রাজন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান রাবার বাগান এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় আব্দুল মালেকের মালিকানাধীন ধানিজমির পাশ থেকে ইরফানকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আমিরুল ইসলাম ওরফে শিফন (২৯) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিধি মোতাবেক গ্রেফতার ইরফানকে তল্লাশি করে তার হেফাজত থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের দিকনির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম ও রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেফতার ইরফান হোসেন মুরাদ ও পলাতক আমিরুল ইসলাম ওরফে শিফনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।