Advertisement

এবার বিক্ষোভে উত্তাল ইতালি, ব্যাপক সংঘর্ষ

এবার বিক্ষোভে উত্তাল ইতালি, ব্যাপক সংঘর্ষ

ফ্রান্সের পর এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালি। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এদিকে সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। এছাড়া মিলানসহ ২২টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির বিভিন্ন শহরে শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোম, তুরিন ও বোলোনিয়ায় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। দেশটির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়লে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। রোমেও মিছিল চলাকালে বোতল ছোড়ার পর জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

বোলোনিয়ায় বিক্ষোভকারীরা বোতল ও পটকা ছুড়লে পুলিশ তাদের পিছু হটিয়ে দেয়। এ ছাড়া মিলান ও ফ্লোরেন্সেও উত্তেজনা দেখা দেয়। এসব শহরে কেন্দ্রীয় এলাকার কয়েকটি অংশে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয় পুলিশ।

এর আগে গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে সংঘটিত অস্থিরতার তদন্তের অংশ হিসেবে মিলান, পাশের শহর মনজা এবং আরও ২০টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে।