Advertisement

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)–এর বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া ও লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আমান উল্লাহ   উদয় নামে আরও একজনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়ার সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়ার মো. ফুরকান হোসেন (১৯)। রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাঁদের জামালপুরে পাঠানো হয়। জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদক কারবারে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।