ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত প্রেস প্রশাসক গাজী মো. মাহবুব মুর্শিদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসকের কার্যালয়ে সদ্যবিদায়ী প্রেস প্রশাসক আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম নবনিযুক্ত প্রেস প্রশাসক বাংলা বিভাগের গাজী মো. মাহবুব মুর্শিদের কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন।
এসময়ে সদ্যবিদায়ী প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, নবনিযুক্ত প্রেস প্রশাসক গাজী মো. মাহবুব মুর্শিদ, সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড ওবায়দুল ইসলাম-সহ প্রেস প্রশাসকের বিভিন্ন দায়িত্বশীল শিক্ষক ও কর্মচারিবৃন্দ উপস্তিত ছিলেন।
সদ্যবিদায়ী প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম বলেন, “দুই বছর দায়িত্ব পালনকালে প্রেসের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রেসের জন্য নতুন একটি আধুনিক মেশিন কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে মেশিনটি স্থাপনের মাধ্যমে অল্প সময়ে বেশি পৃষ্ঠা ছাপানো সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “নতুন প্রশাসনিক ভবনে প্রেস কার্যালয় স্থানান্তরের জন্য আগেই লিখিত অনুমোদন নেওয়া হয়েছে। স্থান সংকটের কারণে বর্তমান কার্যালয়ে কাজের পরিবেশও অনুকূল নয়। নবনিযুক্ত প্রেস প্রশাসক আন্তরিকভাবে উদ্যোগ নিলে প্রেসের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছি। পাশাপাশি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।”
নবনিযুক্ত প্রেস প্রশাসক গাজী মো. মাহবুব মুর্শিদ বলেন, “প্রেস সচল করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। বর্তমান অবস্থা, যন্ত্রপাতি ও আর্থিক সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। প্রেসের কার্যক্রম এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। বর্তমান কার্যালয়ে জায়গার সংকট রয়েছে। নতুন প্রশাসনিক ভবনের কাজ শেষ হলে সেখানে প্রেসের কার্যালয় স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং ইতিবাচক সম্মতি পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “কারও কোনো সমস্যা বা অসুবিধা থাকলে তা সমাধানের চেষ্টা করবো। প্রেসের উন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”


















