Advertisement

১৯তম বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস চায় ইবি ছাত্রদল

১৯তম বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস চায় ইবি ছাত্রদল

১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের জন্য বাস দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার ( ২৫ অক্টোবর) তিনটার দিকে উপাচার্য ও পরিবহন প্রশাসক বরাবর শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদ স্বাক্ষরিত পৃথক আবেদনে এ দাবি জানায় সংগঠনটি।

আবেদনে বলা হয়,আগামী শনিবার (৩১ অক্টোবর) ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তারা দেশের বিচার বিভাগে মেধাবী ও যোগ্য বিচারক তৈরিতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন-সংশ্লিষ্ট বিভাগসমূহের মোট ১৯ জন শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের  পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত করতে গেলে শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক ব্যয় হয়। যানজট ও নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পারার অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিনের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের জন্য  নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সহায়তা দেওয়া হলে শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং তারা মানসিক স্বস্তি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল শিক্ষার্থীদের পাঠদান ও সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ কর্মজীবনের বিকাশেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা অন্যতম দায়িত্ব। বিচার বিভাগে বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতামূলক যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতাও শিক্ষার্থীদের জন্য কার্যকর ও অনুপ্রেরণাদায়ক।